হবিগঞ্জ থেকে ফিরে টুটুল হুমায়ুন
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমানকে ঘিরে জনমনে সমালোচনার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের প্রার্থী গিয়াসউদ্দিন তাহেরীকে ‘বাটপার’ বলে মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় স্থানীয় মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচনের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা হিসেবে শিক্ষক মোস্তাফিজুর রহমানের নাম থাকার সম্ভাবনা রয়েছে। এতে তার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় ভোটাররা।
স্থানীয়দের দাবি, একজন শিক্ষক ও সম্ভাব্য ভোট গ্রহণ কর্মকর্তার এমন মন্তব্য নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ করতে পারে। তারা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জনমনে প্রত্যাশা রয়েছে।
মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহিদ বিন কাশেম জানান, প্রার্থীর কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নিব।