বেলায়েত হোসেন শামীমঃ
গাজীপুরের কাপাসিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৮ জুন) সকাল ৯টায় কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে ক্যাম্পেইনের কার্যক্রমে অংশ নেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, কাপাসিয়া উপজেলার ১১টি ইউনিয়নের ২৬৫টি নির্ধারিত কেন্দ্রে একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী মোট ৫২ হাজার চারশত ৫১জন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, শিশুদের সুস্থ ও স্বাভাবিক বেড়ে ওঠার জন্য ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, দৃষ্টিশক্তি সুরক্ষায় এবং শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত ভিটামিন ‘এ’ গ্রহণের মাধ্যমে শিশুদের বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি কমানো সম্ভব।
ক্যাম্পেইন উপলক্ষে সকাল থেকেই উপজেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রে অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সচেতন অভিভাবকরা তাদের শিশুদের নিয়ে নিকটস্থ কেন্দ্রে এসে নির্ধারিত সময়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ান।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকারের এ ধরনের জনস্বাস্থ্য কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
