এস এম মাসুদ কাপাসিয়া, (গাজীপুর)
গাজীপুরের কাপাসিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সালাউদ্দিন আয়ুবীর সমর্থনে এক বিশাল শোডাউন ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের মিছিলে পুরো এলাকা লোকে-লোকারণ্য হয়ে ওঠে। সকাল সাড়ে ১০টা বাজার আগেই উপজেলার শীতলক্ষ্যার উপর ফকির মজনু শাহ সেতু, শহীদ তাজউদ্দীন আহমদ চত্বর ও ঢাকা-কাপাসিয়া সড়ক জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের পদভারে পূর্ণ হয়ে যায়। ‘দাঁড়িপাল্লা’ মার্কার সমর্থনে দেওয়া স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। ব্যানার, ফেস্টুন আর পোস্টারে সজ্জিত হয়ে হাজার হাজার মানুষ এই নির্বাচনী সমাবেশে যোগ দেন। কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেক্রেটারি জেনারেল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সিবগাতুল্লাহ সিবগা।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ,কেন্দ্রীয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী সালাউদ্দিন আইয়ুবী। তিনি তার বক্তব্যে এলাকার উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা শেফাউল হক। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য প্রদান করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের যুগ্ম সম্পাদক আবুল ফাত্তা। বিশাল এই জমায়েত ঘিরে যেন কোনো ধরণের বিশৃঙ্খলা না ঘটে, সেজন্য সংগঠনের পক্ষ থেকে নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী তৎপর ছিল। স্থানীয় সাধারণ মানুষের মাঝেও এই শোডাউন ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।