প্রতিদিন নিউজ ডেস্ক :
জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন এবং ভোট শেষ হওয়ার আগেই গাজীপুর জেলার ৫ টি আসনের বিভিন্ন ভোটকেন্দ্র থেকে সিল মারা ব্যালট পেপারের অসংখ্য ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুক জুড়ে এসব ছবি ভাইরাল হওয়ায় নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা, ভোটের গোপনীয়তা এবং আচরণবিধি বাস্তবায়ন নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।
ভোটের দিন সকাল থেকেই বিভিন্ন ব্যক্তিগত ফেসবুক আইডি ও পেজে সিল দেয়া ব্যালট পেপারের ছবি পোস্ট হতে থাকে। কিছু পোস্টে দেখা যায়, ভোটাররা ভোটকেন্দ্রের গোপন কক্ষে নির্দিষ্ট প্রতীকে সিল দেয়ার পর সেই ব্যালটের ছবি তুলে তা প্রকাশ করেছেন। অনেক পোস্টের সঙ্গে সংশ্লিষ্ট প্রার্থী বা রাজনৈতিক দলের পক্ষে সমর্থনমূলক মন্তব্যও যুক্ত ছিল। এতে ভোটের নিরপেক্ষতা ও গোপনীয়তা রক্ষার বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোট কেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাধারণ ভোটারদের মোবাইল ফোন নিয়ে প্রবেশের অনুমতি নেই। সেই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে কীভাবে ভোটাররা মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে প্রবেশ করলেন এবং গোপন কক্ষে সিল মারা ব্যালটের ছবি তুলতে সক্ষম হলেন।
সচেতন নাগরিকরা বলছেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া উচিত, যাতে ভোটের গোপনীয়তা ও আইনশৃঙ্খলা বজায় থাকে।