এস এম মাসুদ কাপাসিয়া (গাজীপুর) :
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বীরউজলী বাজারে মোটরসাইকেল মহড়া দেওয়ার সময় ‘১৮০ ডিগ্রি’ নামক একটি কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। গতকাল রাত ১০ ঘটিকায় দেশীয় অস্ত্রসহ মহড়া দেওয়ার সময় তাদের আটক করা হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বীরউজলী বাজারে রাতে মাহিদ শেখের নেতৃত্বাধীন কিশোর গ্যাং ‘১৮০ ডিগ্রি’র অন্তত ১৪-১৫ জন সদস্য বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে শোডাউন দিচ্ছিল। এসময় তাদের হাতে লাঠি ও চাপাতি দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন সাহসিকতার সাথে ধাওয়া দিয়ে দুটি মোটরসাইকেল ও ৪টি লাঠিসহ দুইজনকে হাতেনাতে আটক করে। তবে চাপাতিসহ বাকি ১২ জন সদস্য মোটরসাইকেল নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। আটক হওয়া কিশোর গ্যাংয়ের দুই সদস্য হলো: ১. মোঃ আকিব শিকদার, পিতা- মোঃ আকবর সিকদার, গ্রাম- আমরাইদ। ২.মো: সিয়াম হাসান রনি, পিতা- মোঃ জামাল উদ্দিন, গ্রাম- আমরাইদ (উত্তর পাড়া)।
ঘটনার খবর পেয়ে কাপাসিয়া আর্মি ক্যাম্পের একটি দল দ্রুত বীরউজলী বাজারে পৌঁছে উত্তেজিত জনতাকে শান্ত করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে আটককৃতদের উদ্ধার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাপাসিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, এই কিশোর গ্যাংটি দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। গ্যাং প্রধান মাহিদ শেখসহ পলাতক বাকি সদস্যদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।