এস এম মাসুদ কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি :
মৃত্যু এক অবধারিত সত্য। কিন্তু অনেক সময় উপযুক্ত প্রশিক্ষণের অভাবে মৃত ব্যক্তির শেষ বিদায়ের কাজগুলো সুচারুভাবে সম্পন্ন করা কঠিন হয়ে পড়ে। এই ধর্মীয় ও সামাজিক প্রয়োজন মেটাতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার বেগুনহাটি কেন্দ্রীয় ঈদগা কমিটি। বাড়ৈগাঁও, গোসাইরগাঁও ও বেগুনহাটি এলাকার মসজিদগুলোর সমন্বয়ে মৃত ব্যক্তির লাশ গোসল এবং কবর খননের ওপর বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। দক্ষ জনবল তৈরীর লক্ষ্যে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, নূরানী পদ্ধতিতে লাশের গোসল করানো এবং সঠিক নিয়মে কবর খনন শেখানোর মাধ্যমে সমাজে একটি দক্ষ ও ধর্মপ্রাণ স্বেচ্ছাসেবী দল গঠন করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। যাতে প্রতিটি এলাকাতেই ধর্মীয় বিধান অনুযায়ী জানাজা ও দাফন প্রক্রিয়া সম্পন্ন করার মতো মানুষ উপস্থিত থাকেন। উক্ত প্রশিক্ষণ কর্মসূচি সফল করতে বেগুনহাটি কেন্দ্রীয় ঈদগাহের আওতাধীন প্রতিটি মসজিদ কমিটিকে নির্দিষ্ট সংখ্যক প্রতিনিধি মনোনীত করার অনুরোধ জানানো হয়েছে। মসজিদ প্রতি প্রতিনিধির সংখ্যা নিম্নরূপ:.
কবর খননের জন্য: ৩ জন পুরুষ।
লাশ গোসলের জন্য: ২ জন পুরুষ ও ২ জন মহিলা।
যোগ্যতা ও বিশেষ অনুরোধ কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে যেন নির্বাচিত ব্যক্তিবর্গ ধর্মীয় মূল্যবোধসম্পন্ন, দায়িত্বশীল এবং সমাজসেবায় আগ্রহী হন। বিশেষ করে মহিলাদের দাফন-কাফন প্রক্রিয়ায় দক্ষ করার জন্য নারী প্রতিনিধিদের অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। বেগুনহাটি কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এক যৌথ বিবৃতিতে বলেন,
এটি কেবল একটি প্রশিক্ষণ নয়, বরং একটি ইবাদত। আমরা চাই প্রতিটি পাড়া-মহল্লায় এমন কিছু মানুষ তৈরি হোক, যারা বিপদের সময় নির্ভীকভাবে ধর্মীয় দায়িত্ব পালন করতে পারেন। আমরা সংশ্লিষ্ট সকল মসজিদ কমিটির আন্তরিক সহযোগিতা কামনা করছি।আল্লাহ তাআলা এই মহৎ উদ্যোগকে কবুল করুন এবং সংশ্লিষ্ট সকলকে এই দ্বীনি খেদমতে শরিক হওয়ার তৌফিক দান করুন। আমিন।