মোঃ আব্দুল হান্নান নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে বৃষ্টির পানিতে ধানক্ষেত তলিয়ে যাওয়ার শোক সহ্য করতে না পেরে স্ট্রোক করে মারা যাওয়া কৃষক আহাদ মিয়ার পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এ সময় এ পরিবারকে শুকনো খাবার ও প্রদান করা হয়।
৩রা মে রোজ শনিবার সংসদ সদস্য এম.এ. হান্নান নিহত কৃষকের বাড়িতে গিয়ে তার পরিবারের হাতে এই অনুদানের চেক তুলে দেন।
অনুদান প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন:
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে.এম. বশির উদ্দিন তুহিন, নাসিরনগর থানার সেকেন্ড অফিসার মোঃ সোহেল শিকদার,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।
প্রসঙ্গত, গত ২রা মে টানা বৃষ্টিতে নিজের ৬ বিঘা জমির পাকা ধান কাটতে শ্রমিক নিয়ে হাওড়ে যান আহাদ মিয়া।গিয়ে দেখেন সমস্ত জমি পানিতে তলিয়ে গেছে।এই অবস্থা দেখে জমিতেই ঢলে পড়ে মারা যান কৃষক আহাদ মিয়া (৫৫)। তার এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এসময় সংসদ সদস্য এম.এ. হান্নান শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন।তাছাড়াও ওই পরিবারকে আরো আর্থিক অনুদানের জন্য ওই কৃষকের নাম কৃষি মন্ত্রীর নিকট প্রেরণ করা হয়।