মীর মোঃ মাসুদ করিম, নিজস্ব প্রতিবেদক, গাজীপুর | ১৯ মে, ২০২৬
উন্নয়ন ও উৎসবের এক অভূতপূর্ব মেলবন্ধনে আগামীকাল (বৃহস্পতিবার) গাজীপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী। তাঁর এই সফরকে কেন্দ্র করে পুরো গাজীপুর জেলাজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি, সাধারণ মানুষের মাঝে লক্ষ্য করা যাচ্ছে তীব্র উৎসাহ ও উচ্ছ্বাস।
সফিপুর আনসার একাডেমিতে ৪৬তম জাতীয় সমাবেশ
প্রধানমন্ত্রীর এই সফরের মূল আকর্ষণ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ ২০২৬। আগামীকাল সকালে তিনি কালিয়াকৈরের সফিপুর আনসার একাডেমিতে আয়োজিত এই রাষ্ট্রীয় কুচকাওয়াজ ও জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। সেখানে তিনি কুচকাওয়াজ পরিদর্শন, সালাম গ্রহণ এবং বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।
দেশে প্রথম: জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন :
আনসার একাডেমির অনুষ্ঠান শেষে বিকেলে প্রধানমন্ত্রী গাজীপুরের গাছা এলাকায় এক ঐতিহাসিক উন্নয়নমূলক কাজের সূচনা করবেন। তিনি সেখানে বাংলাদেশের প্রথম ‘জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুর্যোগ মোকাবিলা, উদ্ধার অভিযান ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত এ ধরনের বিশেষায়িত ইনস্টিটিউট বাংলাদেশে এটাই প্রথম। এই প্রতিষ্ঠানটি দেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণের ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।