কাপাসিয়া( গাজীপুর) থেকে শামসুল হুদা লিটন:
কাপাসিয়া উপজেলায় রাতের আঁধারে এক প্রান্তিক কৃষকের জমিতে রোপন করা পেঁপে, মাল্টা ও আনারস গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।
২০ মে বুধবার দিবাগত রাতে উপজেলার দূর্গাপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিলজুড়াইল গ্রামের
মজিবর রহমান ওরফে কালা চানের অনেক কষ্টে তৈরি করা ফলজ বাগানে এ জঘন্য ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষক মজিবুর রহমান কালা চান বলেন, আমার ইচ্ছা ছিল কৃষি উদ্যোক্তা হওয়ার। তাই আমি কৃষিকে পেশা ও নেশা হিসেবে বেছে নেই। আমি জমি লিজ দিয়ে ২ বিঘা জমিতে মিশ্র ফলের একটি বড় খামার গড়ে তুলি। এর মধ্যে পেঁপে, মাল্টা, আনার সহ বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে।
তিনি কান্না জড়িত কন্ঠে জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা বাগানের অনেক ফলজ গাছ কেটে ফেলে। সকালে মাঠে গিয়ে দেখি ১০০ মাল্টা গাছ, ৫০ টি পেঁপে গাছ, ৫০টি আনারস, ৪৫ টি রাম্বুটান চারা গাছের গোড়া থেকে কেটে ফেলে দিয়েছে। আমি ৭-৮ বছর যাবত বহু কষ্ট ও পরিশ্রম করে ১০ থেকে ১১ লক্ষ টাকা খরচ করে মিশ্র ফলের বাগান গড়ে তুলি।
মাল্টা, পেঁপে ও আনারসের বাগান রাতের অন্ধকারে দুষ্কৃতিকারীরা কেটে ফেলে আমার বুক ভরা স্বপ্ন মাটির সাথে মিশিয়ে দেয় বলে তিনি আক্ষেপ করেন।
এতে আমার অনেক টাকার ক্ষতি হয়েছে। লাখ টাকার ফল উৎপাদনের স্বপ্ন ছিল, সব শেষ হয়ে গেল আমার।
আজ বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত কৃষক মজিবুর রহমানের বাগান পরিদর্শন করে তাঁকে শান্তনা প্রদান করেন কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও আসন্ন দুর্গাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আবুল ফাত্তাহ। তিনি অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
