নিজস্ব প্রতিবেদক, কাপাসিয়া (গাজীপুর):
গাজীপুরের কাপাসিয়া উপজেলার লোহাদী (দূর্লভপুর) গ্রামে পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি জোরপূর্বক দখল, গাছ কেটে ফেলা এবং বাধা দেওয়ায় এক বৃদ্ধকে শ্বাসরোধে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় একদল প্রভাবশালী ভূমিদস্যুর বিরুদ্ধে। গত বুধবার (১৭ জুন) সকাল আনুমানিক ৬টার দিকে লোহাদী মৌজায় এই ঘটনা ঘটে।
হামলার শিকার বৃদ্ধ মোঃ ফাইজ উদ্দিন (৭৭) উপজেলার দূর্লভপুর গ্রামের মৃত মোজাফ্ফর আলীর ছেলে। বর্তমানে তিনি কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার লোহাদী মৌজায় আরএস খতিয়ান নং-২৮১, আরএস দাগ নং-২৬৭১ এর অন্তর্গত ২৭.৩৩৫ শতাংশ পৈত্রিক সম্পত্তি হালনাগাদ খাজনা-খারিজ পরিশোধ করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছিলেন ফাইজ উদ্দিন ও তাঁর বোনেরা। কিন্তু স্থানীয় চাঁন মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩৫), সোহরাফ হোসেন (৩৩) ও বাক্কার (৩০)-সহ বেশ কয়েকজন বিবাদী দীর্ঘদিন ধরে ওই জমি অন্যায়ভাবে দখলের পাঁয়তারা করছিল। এ নিয়ে স্থানীয়ভাবে সালিশ-দরবার হলেও বিবাদীরা তা অমান্য করে আসছিল।
এরই ধারাবাহিকতায়, গত ১৭ জুন সকালে বিবাদীরা দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বেআইনিভাবে ওই জমিতে অনধিকার প্রবেশ করে। জমি দখলের উদ্দেশ্যে তারা সেখানে থাকা প্রায় ১০০ থেকে ১১০টি কলাগাছ কেটে আনুমানিক ৭০ হাজার টাকার ক্ষতি সাধন করে।
সংবাদ পেয়ে জমির মালিক ফাইজ উদ্দিন ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে ২নং বিবাদী সোহরাফ হোসেন এবং ৬নং বিবাদী বাক্কার তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। ঘটনার একপর্যায়ে বাক্কার বৃদ্ধ ফাইজ উদ্দিনকে হত্যার উদ্দেশ্যে দুই হাত দিয়ে গলা চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা চালায়।
একই সময়ে অন্যান্য বিবাদীরা বাগানের ২১টি গাছ থেকে প্রায় ৮০-৯০টি কাঁঠাল পেড়ে চুরি করে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য ৯ হাজার টাকা।
বৃদ্ধের চিৎকার শুনে আশপাশের বাড়ির লোকজন এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দেয় যে—ফাইজ উদ্দিন বা তাঁর পরিবারের কেউ পরবর্তীতে ওই জমিতে গেলে তাদের খুন করে লাশ জমিতে পুঁতে ফেলা হবে। পরে স্থানীয়রা রক্তাক্ত ও আহত অবস্থায় ফাইজ উদ্দিনকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এই বিষয়ে ভুক্তভোগী ফাইজ উদ্দিন বলেন, “ওরা আমার পৈত্রিক সম্পত্তি জোর করে দখল করতে চায়। বাধা দেওয়ায় আমাকে বুড়ো বয়সে অমানুষিকভাবে পিটিয়ে মায়েনি, গলা টিপে মেরেই ফেলতে চেয়েছিল। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার ও আমার জানমালের নিরাপত্তা চাই।”
এ ব্যাপারে কাপাসিয়া থানা পুলিশ জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট ও গাছ কাটার একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।