গোলাম সারোয়ার।। কাপাসিয়া :
কাপাসিয়া উপজেলা, গাজীপুর, বাংলাদেশ-এর গাজীপুর-৪ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ মু. সালাহউদ্দিন আইউবীর সঙ্গে কাপাসিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে উপজেলা সদরে অবস্থিত জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. ফরহাদ হোসেন মোল্লার সভাপতিত্বে আয়োজিত সভায় সাংবাদিকরা কাপাসিয়ার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও অগ্রগতির বিষয়ে বিশদ আলোচনা এবং পরামর্শ উপস্থাপন করেন। এছাড়া সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও কল্যাণে যথাযথ কার্যকর ভূমিকা রাখার জন্য উপস্থিত সবাই দাবি জানান।
নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মু. সালাহউদ্দিন আইউবী সাংবাদিকদের পেশাগত দায়বদ্ধতার জায়গা থেকে দল-মতের ঊর্ধ্বে উঠে সত্য, ন্যায় ও নির্ভীকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি কাপাসিয়ার উন্নয়নে যেকোনো পরামর্শমূলক সহযোগিতা কামনা করেন। পেশার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে পেশাদারিত্ব বজায় রাখার উদাত্ত আহ্বান জানান এবং সাংবাদিকদের যেকোনো প্রয়োজনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
কাপাসিয়া প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শামসুল হুদা লিটনের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাবেক সভাপতি সঞ্জীব কুমার দাস, যুগ্ম সাধারণ সম্পাদক আ. কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি নূরুল আমিন সিকদার, গোলাম সারোয়ার, কান্ট্রি এডিটর দৈনিক দেশ বাংলা, সম্পাদক দৈনিক বাংলা প্রতিদিন ও কাপাসিয়া রিপোর্টার্স ইউনিটি-এর সভাপতি শফিকুল আলম সবুজ ও সাধারণ সম্পাদক শেখ সফিউদ্দিন আহমেদ জিন্নাহসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

